Description
সুদেষ্ণা-শুভাশিসের দাম্পত্যপ্রেমের তরণী ভেসে চলছিল দুর্বার ভালোবাসার জোয়ারে। হঠাৎ পথদুর্ঘটনা ছিনিয়ে নিয়ে গেল শুভাশিসকে। শ্বশুর আর একমাত্র সন্তান শুভময়কে নিয়ে অথৈ জলে পড়ল সুদেষ্ণা। একদিকে পর্বতপ্রমাণ ঋণের বোঝা আর অন্যদিকে ছেলের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনো চালানোর ক্রমবর্ধমান খরচ- সুদেষ্ণার জীবন এসে দাঁড়াল একটা বাঁকের মুখে। কী করবে সে? অর্থসাহায্যের প্রতিশ্রুতি নিয়ে যারা পাশে এসে দাঁড়িয়েছে, তাদের লোভ তো পূর্ণযৌবনা সুদেষ্ণার শরীরের ওপর। যদি সেদিক থেকে সে মুখ ফিরিয়ে নেয়, তবে অপেক্ষা করে থাকে দারিদ্র্য।
সুদেষ্ণা তাই অন্য এক পেশায় নেমে পড়ল। গোপনে। এ পেশা সারোগেট মাদারের। গর্ভধারণে অক্ষম এক বিদেশি দম্পতির ভ্রুণকে নিজের গর্ভে লালন করার দায়িত্ব। সম্মানের পাশাপাশি মোটা অঙ্কের উপার্জনের সুযোগ এ পেশাতে। এক লহমায় অর্থনৈতিক সব সমস্যার সমাধান হাতের মুঠোয় এসে যায় যেন। কিন্তু না, সুড়ঙ্গলোভী শরীরশিকারিরা ওঁত পেতে আছে। শরীর ভোগ করার উপায় যখন নেই, কুৎসা রটিয়ে মন ভেঙে দেওয়ার কৌশল তাদের বিলক্ষণ জানা আছে। সন্তানের কাছে মাকে হীন প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রে এককাট্টা হয় তারা।
কী হল তারপর? শুভময় কি পারল তার ঐশী জন্মদাত্রীকে সঠিকভাবে চিনে নিতে? মায়ের সম্পর্কে তার মনে ঘৃণার যে বিষবৃক্ষ বহুদুর শিকড় ছড়িয়েছে, শেষপর্যন্ত তা কি উৎপাটিত হল সমূলে?
জানতে গেলে পড়তে হবে সারোগেট মায়েদের নিয়ে লেখা প্রথম বাংলা উপন্যাস, যার পরতে পরতে থ্রিলারের রোমাঞ্চ আর যার কেন্দ্রে আছেন স্বর্গাদপি গরীয়সী মহীয়সী এক মানবী।







Reviews
There are no reviews yet.