ডা. পুণ্যব্রত গুণের জন্ম ১৯৬০ সালের নভেম্বর মাসে। মেডিকাল কলেজ থেকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। পেশায় জেনারেল ফিজিশিয়ান ও গণস্বাস্থ্য আন্দোলনের কর্মী। কর্মজীবনের শুরু ভোপালের গ্যাসপীড়িতদের স্বাস্থ্য আন্দোলনে। তারপর দীর্ঘ আট বছর জড়িয়ে ছিলেন ছত্তিশগড়ে প্রয়াত শ্রমিকনেতা শংকর গুহনিয়োগীর নেতৃত্বাধীন ছত্তিশগড় মুক্তিমোর্চার শহিদ হাসপাতাল ও জনস্বাস্থ্য আন্দোলনে। ১৯৯৫ থেকে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার শ্রমিক-কৃষক মৈত্রী স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। জনস্বাস্থ্য আন্দোলনের সংগঠন শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-এর অন্যতম সংগঠক। বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞান ও জনস্বাস্থ্য নিয়ে জনবোধ্য লেখালেখির কাজে লিপ্ত আছেন ১৯৮৮ থেকে। বর্তমানে, বাংলা দ্বিমাসিক স্বাস্থ্যের বৃত্তে পত্রিকার সম্পাদক।